জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের আইনি পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন সোমবার শেষ হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ নবম দিনের মতো যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। মামলার কার্যক্রম আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মূলতবি করা হয়েছে।
আজ দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। এরপর আসামিপক্ষে যুক্তিতর্ক পেশ শুরু হয়েছে।
গত ১২ নভেম্বর প্রসিকিউশন আসামির বিরুদ্ধে অভিযোগভিত্তিক যুক্তি পেশ শেষ করেছে। সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন গত ৫ নভেম্বর শুরু হয়েছে। সুবহানের বিরুদ্ধে অভিযোগভিত্তিক যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ও সুলতাম মাহমুদ সিমন। আসামিপক্ষে উপস্থিত ছিলেন এডভোকেট মিজানুল ইসলাম, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, মুহাম্মদ শিশির মনির।
সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ ৯টি সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সুবহানকে গ্রেফতার করা হয়।
গত বছরের ৩১ ডিসেম্বর গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের মানবতাবিরোধী অপরাধের ৯টি ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
