ট্র্যাক ফি কমানোর প্রস্তাব নাকচ বিএসইসির

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ১৮:৪৬
 
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্র্যাকহোল্ডারদের বাত্সরিক ট্র্যাক ফি কমানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসইর এ প্রস্তাবে সম্মতি দেয়া ডিমিউচুয়ালাইজেশন স্কিমের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে মনে করছে বিএসইসি।
সোমবার বেলা ১২টায় বিএসইসির সঙ্গে ডিএসইর এক বৈঠকে ট্র্যাক ফি কমানোর প্রস্তাব না কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
পাশাপাশি ভবিষ্যতে যে কোনো ধরনের প্রস্তাব পাঠানোর আগে ডিএসইকে তা ভালভাবে দেখেশুনে পাঠানোর নির্দেশ দিয়েছে বিএসইসি।
বিএসইসির সঙ্গে এ বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, স্বতন্ত্র পরিচালক রুহুল আমিন ও ড. এম কায়কোবাদ এবং চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) জিয়াউল হাসান খান।
বৈঠকশেষে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা ট্র্যাকহোল্ডারদের বাত্সরিক ট্র্যাক ফি কমানোর প্রস্তাব নাকচ হওয়ার বিষয়ে কিছু বলেননি। তিনি বলেন, ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থের ওপর বিশেষ গুরুত্ব দিতে বলেছে বিএসইসি। মাঝে মাঝে ব্যবসায়িক স্বার্থ ও বিনিয়োগকারীদের স্বার্থের মধ্যে সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়। এক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থকে প্রাধান্য দিতে বলেছে বিএসইসি।
প্রসঙ্গত, ডিমিউচুয়ালাইজেশন স্কিমে সকল ট্র্যাকহোল্ডারদের বাত্সরিক ফি বাবদ ৫০ হাজার টাকা জমা  দেওয়ার বিধান রয়েছে। ট্র্যাকহোল্ডারদের অনুরোধের প্রেক্ষিতে বিএসইসিকে এ ফি কমানোর প্রস্তাব দেয় ডিএসই।