পর্যটন শিল্পের অবদান জিডিপির ৬ শতাংশ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ১৯:১০
 
দেশের পর্যটন শিল্পের মাধ্যমে যে মূল্যসংযোজন হচ্ছে তার আকার মোট দেশজ উত্পাদনের (জিডিপি) সোয়া ৬ শতাংশ। টাকার অংকে এর পরিমাণ ১৬ হাজার ৪০৯ কোটি টাকা। অর্থাত্ পর্যটনের সাথে সংশ্লিষ্ট হোটেল রোস্তোরা ব্যবসা, পরিবহনসহ বিনোদন খাত থেকে এ মূল্য সংযোজন হয়েছে। এছাড়া জিডিপিতে শুধু পর্যটন খাতের অবদান রয়েছে ১ দশমিক ৫৬ শতাংশ। এ খাতে কর্মসংস্থান হয়েছে ৮ লাখ ১৫ হাজার। যা দেশের মোট কর্মসংস্থানের ১ দশমিক ৪১ শতাংশ।
সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পর্যটন, আবাসন শিল্প, ক্যাপটিভ বিদ্যুত্, অনানুষ্ঠানিক কর্মসংস্থান খাতের অবদান নিয়ে চারটি জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়। এছাড়া জিডিপিতে মোট ইনভেন্টরি বা মজুতের পরিমাণ নির্ধারণেও একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগম।
বিশেষ অতিথি ছিলেন বিভাগের অতিরিক্ত সচিব সফিউল ইসলাম। কর্মশালাটি পরিচালনা করেন বিবিএস মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল। ৫টি প্রতিবেদনই বিবিএস এর বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।