প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে এইচএম এরশাদকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ। একইসঙ্গে তিনি মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির (জাপা) সদস্যদেরও বাদ দেয়ার দাবি জানান। বিএনএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘সমসাময়িক রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান।
আবুল কালাম আজাদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশেষ দূত স্বৈরাচার এরশাদ হন কিভাবে? বঙ্গবন্ধু তো স্বৈরাচার ছিলেন না! জাপার লোকজন নিয়েও বঙ্গবন্ধু কন্যা মন্ত্রিসভা গঠন করতে পারেন না। অবিলম্বে তাদেরকে মন্ত্রিসভা থেকে বিতাড়িত করতে হবে। তিনি বলেন, ২০১৫ সালে আমরা নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেব। নতুন সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত সেখান থেকে সরবো না। কারণ বিএনএফ দেশে চলমান রাজনৈতিক শূন্যতা পূরণ করতে চায়।
বিএনএফ চেয়ারম্যান বলেন, কোনো অনির্বাচিত সরকারের অধীনে বিএনএফ নির্বাচন মেনে নেবে না। নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, দশম সংসদে প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং জামায়াত ছাড়া নবম সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা যেতে পারে। তিনি আরও বলেন, অবিলম্বে তিস্তা চুক্তি করতে হবে। সীমান্ত নিরাপদ থাকতে হবে। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সামরিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তিনি বলেন, সামরিক বাহিনীকে ইঙ্গিত করে কেউ বলছে তৃতীয় শক্তি, কেউ বলে অপশক্তি। সামরিক বাহিনীর বিরুদ্ধে যে কোনো চক্রান্ত রুখতে হবে। মাহজেবিন ওয়াহেদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শফিউল্যাহ চৌধুরী, মীর রফিকুল ইসলাম আরজু, খালিদ হোসেন এবং এওয়াইএম কামরুল ইসলাম প্রমুখ।
