স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে মানবাধিকার নিশ্চিত করতে হবে। আর এ মানবাধিকার নিশ্চিত করতে প্রয়োজন মানবিক মূল্যবোধের উন্নয়ন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘দক্ষিণ এশিয়ার মানবাধিকার কৌশল প্রসঙ্গ : সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক দু’দিনব্যপী আঞ্চলিক সেমিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ঢাকা ঘোষণার মাধ্যমে আজ মঙ্গলবার বিকালে এই সেমিনার শেষ হবে। জাতীয় মানবাধিকার কমিশন এ সেমিনারের আয়োজন করে।
স্পীকার বলেন, মানবাধিকার আজকের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটিকে সুনিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সকল মানবাধিকার কর্মীকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। প্রয়োজনে সরকারের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ভারতের জাতীয় মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান বিচারপতি কে. জি. বালাকৃষ্ণ বলেন, মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন মানবিক মূল্যবোধের শিক্ষার প্রসার।
সভাপতির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার জনগণের মান উন্নয়ন ও রক্ষা করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনডিপি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ড। এছাড়া ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ থেকে আগত মানবাধিকারকর্মী ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
