গ্রেফতার এড়াতে..

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ০০:২৪

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় এক অপরাধীকে ধরতে গিয়ে ঘাম ছুটে গেছে মার্কিন পুলিশের। প্রশ্ন জাগতে পারে কি করেছেন তিনি। হোমার স্টেসি নামের ৫০ বছর বয়সী ওই লোকটির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেয়ে রবিবার পুলিশ তাকে গ্রেফতার করতে যায়। পুলিশ আসতে দেখে স্টেসি রাস্তা বরাবর দৌঁড়াতে শুরু করেন। পুলিশও তার পিছু ছোটে। এক পর্যায়ে যখন তিনি দেখলেন পুলিশের সঙ্গে দৌঁড়ে পারছেন না তখন দুই হাত দিয়ে একটি পাম গাছ জড়িয়ে ধরেন। পুলিশ ধারণা করল আসামি ধরা গেছে।

কিন্তু পুলিশ ভুল ধারণা করেছিল। স্টেসিকে ধরে পুলিশ গাড়িতে তোলার চেষ্টা করে। কিন্তু ভদ্রলোক পামগাছ ছাড়েন না। দু’জন পুলিশ গায়ের সর্বশক্তি দিয়ে তাকে গাছ থেকে ছাড়ানোর চেষ্টা করেন। তারা ব্যর্থ হন। ঘন্টাখানেক এভাবে টানাটানি করে চেষ্টার পরও ব্যর্থ হয়ে চড়, লাথি, ঘুষি চালায় পুলিশ। তাতেও তাকে গাছ থেকে ছাড়াতে পারে না তারা! তাদের সঙ্গে যোগ দেয় আরো পুলিশ। তাতেও কাজ হয় না। এরপর পুলিশ গাড়ি নিয়ে চলে যায়। আসলে তারা কিছু দূর গিয়ে ঘাপটি মেরে পড়ে ছিল। স্টেসি মনে করেন, পুলিশ চলে গেছে। এরপর তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এবার পুলিশ দৌঁড়ে এসে বাছাধনকে পাকড়াও করে হাজতে নিয়ে যায়। -রয়টার্স