চুটিয়ে প্রেম করছেন রণবীর-অানুশকা। তাদের এই প্রেমের গল্প ফিরছে এখন লোকের মুখে মুখে। কি ভাবছেন কপাল পুড়ল বিরাটের? না বাস্তবিক জীবনে নয়। আসলে রিল লাইফে রণবীরের প্রেমে পড়েছেন অানুশকা। ‘বোম্বে ভেলবেট’ ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে কাজ করছেন এই দুই তারকা। আর এই ছবিতেই জমিয়ে প্রেম করতে দেখা যাবে তাদের।
বহুদিন ধরে পর্দায় রণবীর কাপুর ও অানুশকার রোম্যান্স দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। কিন্তু কিছুতেই মুক্তির তারিখে ঠিক করেত পারছিলেন না প্রযোজক সংস্থা। শেষমেষ নির্দিষ্ট হল মুক্তির দিন । ২০১৫ সালের ১৫ মে সিনেমা হলে আসতে চলেছে ‘বোম্বে ভেলভেট’।
ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ কশ্যপ। এই সিনেমায় রণবীর-অানুশকা ছাড়াও অভিনয় করতে দেখা যাবে পরিচালক করণ জোহরকে। এই ছবিটিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে করণকে। এই ছবিটি প্রসঙ্গে সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে অনুরাগ জানিয়েছেন, “ ‘বোম্বে ভেলভেট’ সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল, এটি মুম্বই শহরে বেড়ে উঠা একটি সুন্দর প্রেমের গল্প। এই ছবিতে রণবীর, অানুশকা ও করণ খুব ভাল অভিনয় করেছেন”।
এই ছবিটির প্রযোজক সংস্থা ‘ফক্স স্টুডিওর’ সিইও ভিজয় সিং বলেন, “আগামী বছর ১৫ই মে সারা বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ‘বোম্বে ভেলভেট’। এই ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী”। সূত্র- কলকাতা অনলাইন।
