জিএসপি না পেলে টিকফা অর্থহীন হবে

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১০:৪১

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি জিএসপি (অগ্রাধিকারমূলক বাজার সুবিধা) সুবিধা না দেয় তবে টিকফা (ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক) চুক্তি অর্থহীন হয়ে পড়বে। তাই জিএসপি ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ দাবি করেন তিনি। গতকাল সোমবার রাজধানীর সোনারগাঁ হোটেলে ইউএস ট্রেড শো-২০১৪’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি আফতাব-উল ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ এবং অ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুরসহ দেশি-বিদেশি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমদ বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) কাজ শুরু করার পর স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য উন্নত দেশের বাজারে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় কানাডাসহ বিভিন্ন উন্নত দেশ এ সুবিধা দিয়েছে। আমেরিকা এখন পর্যন্ত দেয়নি। উপরন্তু আমেরিকার বাজারে আমাদের পণ্যে উচ্চ শুল্ক রয়েছে। এদিকে আমরা আমেরিকার সাথে টিকফা চুক্তিও করলাম। এরপরও জিএসপি না পেলে টিকফা অর্থহীন হয়ে পড়বে। তাই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত।
তোফায়েল আহমদ বলেন, আমেরিকা আমাদের রপ্তানির প্রধান বাজার। বিশেষ করে পোশাক খাতের জন্য এ বাজার খুব গুরুত্বপূর্ণ। তবে অতিসমপ্রতি আমেরিকার বাজারে আমাদের রপ্তানির প্রবৃদ্ধি কমে যাচ্ছে। এর কারণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা স্থগিত করা হয়েছে। অন্য দেশগুলো আমেরিকার বাজারে যে কম শুল্কের সুবিধা পায় তাও নেই। ফলে আমাদের পণ্য অতিরিক্ত প্রতিযোগিতার মুখে পড়ছে। তাছাড়া কমপ্লায়েন্স ইস্যুর কারণেও কিছু প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী রপ্তানি করতে পারেনি। এত কিছুর পরও ২০১৪-১৫ অর্থবছরে দেশের রপ্তানি আয় ৩৩ বিলিয়ন ডলারের বেশি হবে। আর স্বাধীনতার গোল্ডেন জুবিলীতে বাংলাদেশের রপ্তানি ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে আমেরিকাসহ অনেক দেশের বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসছে। সামনে আরও আসবে। ভবিষ্যতে বাংলাদেশ হবে বিদেশি বিনিয়োগের কাঙ্ক্ষিত স্থান। সবশেষে তিনি বাংলাদেশিদের জন্য মাল্টিপল ভিসার মেয়াদ ৫ বছরের পরিবর্তে ১০ বছরে উন্নীত করার আহবান জানান।
ড্যান মজীনা তাঁর বক্তব্যে বলেন, রপ্তানি বাড়াতে বাংলাদেশের কারখানাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য কর্মস্থলের নিরাপত্তা, শ্রমিক অধিকার রক্ষা ও পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে। তবেই বাংলাদেশের রপ্তানি বাড়বে। ব্র্যান্ড বাংলাদেশ বিশ্বের সবচেয়ে চাহিদাসম্পন্ন ব্র্যান্ড। এর মান বজায় রেখে বিশ্বের বাজার ধরতে হবে। ড্যান মজীনা আরও বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেশে উন্নত আইনের শাসন, দুর্নীতি কমানো, আমলতান্ত্রিক জটিলতা এবং রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি কমাতে হবে।
উদ্বোধনী আলোচনা অনুষ্ঠান শেষে তিনদিনব্যাপী ইউএস ট্রেড শো-১৪’র উদ্বোধন করেন তোফায়েল আহমদ। হোটেল সোনারগাঁয়ে আয়োজিত এ মেলায় ৪৩টি প্রতিষ্ঠান ৭৮টি বুথে তাদের পণ্য প্রদর্শন করছে। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। ২০টি প্রবেশপথ দিয়ে যে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন। ছাত্ররা ফি ছাড়াই মেলায় প্রবেশ করতে পারবে। অ্যামচেম এবং বাংলাদেশস্থ আমেরিকান দূতাবাস যৌথভাবে মেলার আয়োজন করেছে।