পাকিস্তানে স্কুলবাসে বোমা হামলায় নিহত ২

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১২:০৯

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে উপজাতি অধ্যুষিত একটি এলাকায় স্কুলবাসে বোমা হামলায় ১১ বছরের এক বালক নিহত হয়েছে। ওই হামলায় বাসের চালকও নিহত হয়। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা একথা জানান।
আপার কুররাম উপজাতি অঞ্চলের নিস্তি কোট এলাকায় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
স্থানীয় সরকার কর্মকর্তা শহিদ আলী এএফপিকে বলেন, ‘সেখানে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ১১ বছর বয়সের এক বালক ও বাসের চালক নিহত হয়েছে।’
তিনি আরো জানান, এতে সাত বছর বয়সের এক বালিকা আহত হয়। তাৎক্ষণিকভাবে কোন গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি বলে তিনি জানান।
গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা এ বোমা হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন। সূত্র- বাসস।