অবশেষে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য পদে পুনর্বহাল করেছেন দলটির চেয়ারম্যান এইচএম এরশাদ। মঙ্গলবার তিনি তাকে পুনর্বহাল করেন।
প্রসঙ্গত, দলের প্রেসিডিয়াম থেকে মশিউর রহমান রাঙ্গা ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে গত ১০ সেপ্টেম্বর বাদ দেন এরশাদ।
মন্ত্রিসভা থেকে জাপা সদস্যদের বের হয়ে আসা না আসা এবং দলের পার্লামেন্টারি পার্টির বৈঠককে কেন্দ্র করে রাঙ্গা-তাজুলের সঙ্গে মতবিরোধ দেখা দেয় এরশাদের। বিশেষ করে তাদের দু’জনের নানা বক্তব্যে ক্ষুব্ধ হন এরশাদ। যার জের ধরে রংপুরেও এরশাদ ও রাঙ্গার সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রেসিডিয়ামে পুনর্বহালের পর সন্ধ্যায় সংসদ ভবনে প্রতিমন্ত্রী রাঙ্গা ইত্তেফাককে হাসতে- হাসতে বলেন ‘আবার যে কখন প্রেসিডিয়াম পদ চলে যায়, সেটির তো কোনো ঠিক নেই। এই আছি, এই নাই।’
তবে রাঙ্গাকে প্রেসিডিয়ামে ফিরিয়ে নিলেও পুনর্বহাল হননি তাজুল ইসলাম চৌধুরী। এর প্রতিক্রিয়ায় তাজুল ইসলাম গতকাল সংসদ ভবনে ইত্তেফাককে বলেন ‘এনিয়ে আমার কোনো মাথাব্যাথা নেই। আমি কোনো অন্যায় করিনি। এখন যে ঘটনা দাঁড়ালো তাতে তো আমাকে প্রেসিডিয়ামে ফিরিয়ে নিতে চাইলেও আমি যাবো কিনা, সেটি ভাববার বিষয় আছে।’
