ব্রিটেন সফরে কেরি

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১৬:৪২


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার ব্রিটেনে পৌঁছেছেন। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে এ সপ্তাহে ভিয়েনায় আলোচনার প্রাক্কালে মধ্যপ্রাচ্য বিষয়ে বৈঠকের জন্য তিনি ব্রিটেন যান।
ইবোলা মহামারি ও ইউক্রেনে উত্তেজনার পাশাপাশি ইরানের পরমাণু ইস্যু নিয়ে আলোচনা করতে মঙ্গলবার রাতে কেরির ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, জেরুজালেম পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টায় পরবর্তী পদক্ষেপের ব্যাপারে আলোচনা করতে পরে কেরি মিশরের পররাষ্ট্র মন্ত্রী সামেহ শুক্রির সঙ্গে সাক্ষাত করবেন।
কেরি মধ্যপ্রাচ্য বিষয়ক আন্তর্জাতিক বিশেষ দূত ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গেও সাক্ষাত করবেন। জুলাই মাস থেকে জেরুজালেমে সহিংসতা অনেক বেড়ে যাওয়ায় ফিলিস্তিন ও ইসরাইলি বাহিনীর মধ্যে প্রায় প্রতিদিন সংঘর্ষের ঘটনা ঘটছে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ বিন আলাবি বিন আব্দুল্লাহ’র তেহরান সফরের পর মঙ্গলবার দিনের শেষে কেরি তার সঙ্গে বৈঠক করবেন।
তিনি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদের সঙ্গেও বৈঠক করবেন। দেশটি সিরিয়ায় ইসলামিক স্টেট জিহাদিদের গ্রুপের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় অংশ নিচ্ছে।
লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কিছু সময় আগে কেরি তেহরানের সাথে আসন্ন আলোচনাকে গুরুত্বপূর্ণ বলে স্বীকার করেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর ২৪ নভেম্বর সময়সীমাকে সামনে রেখে ভিয়েনায় ইরান বিষয়ক এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
ওয়াশিংটনের একটি ফোরামে কেরি বলেন, ‘আমরা ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে আলোচনার গুরুত্বপূর্ণ সময়ে প্রবেশ করছি। আমি সঠিক সময়ে ভিয়েনায় যাবো।’
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ ব্রিটেন ,চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং জার্মানি একটি গুরুত্বপূর্ণ চুক্তির ব্যাপারে তেহরানের সাথে আলোচনা করবে। এ চুক্তি ইরানের পরমাণু অস্ত্র তৈরী রোধ করবে বলে ওয়াশিংটন আশা করছে। এএফপি