জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপিল করার অনুমতি চেয়ে (লিভ টু আপিল) করা আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি অব্যাহত রয়েছে। শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মূলতবি করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। খালেদা জিয়ার পক্ষে আজ দ্বিতীয় দিনের মতো শুনানি করেন সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে এডভোকেট খুরশিদ আলম খান এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
আপিল বিভাগের অবকাশকালীন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা গত ১৪ অক্টোবর এক আদেশে খালেদা জিয়ার আবেদনের উপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ২৭ নভেম্বর শুনানির দিন ধার্য করেছিলেন। এরপর দুর্নীতি দমন কমিশন(দুদক) শুনানির দিন এগিয়ে আনতে গত ১৬ অক্টোবর আবেদন করে। দুদকের আবেদন গ্রহণ করে শুনানির দিন এগিয়ে এনে আদেশ দেয় আদালত।
ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় গত ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া গত ১৩ এপ্রিল হাইকোর্টে রিভিশন আবেদন করেন। হাইকোর্ট ২৩ এপ্রিল আবেদনটি খারিজ করে দেন। এ খারিজ আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন।
এ মামলায় বিচারিক কার্যক্রম ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনের পরিবর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৪ নভেম্বর মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য করা হয়েছে।
