গাড়ি ভাংচুর মামলা

মির্জা ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১৮:৩৪
 
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় দায়েরকৃত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হয়েছে। বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মামলার পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নথি ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার মামলার ধার্য তারিখে অভিযোগপত্রটি ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে উপস্থাপন করা হয়। বিচারক অভিযোগপত্রটি গ্রহণ করেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নথি সিএমএম আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে।
আসামিদের অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ জানান, মির্জা ফখরুলের পক্ষে ২০৫ ধারায় হাজিরা দেয়া হয়েছে। জামিনে যেয়ে পলাতক ৯ জন ছাড়া অন্যরা হাজির ছিলেন।
চলতি বছরের গত ২২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা মির্জা ফখরুল ইসলামসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে অব্যাহতির আবেদন করেন। ২৬ জনকে সাক্ষী করা হয়েছে।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি-জামায়তসহ ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের দিন দুপুরে কলাবাগান থানাধীন পদ্মা জেনারেল হাসপাতালের সামনে ওই কর্মসূচি পালনকারী দলীয় সমর্থকরা মির্জা ফখরুল এবং বিরোধীদলীয় কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় উস্কানিমূলক বক্তব্য ও তাদের প্ররোচনায় এবং পরোক্ষ মদদে মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর করে। ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরে মামলা দায়ের করে পুলিশ।