দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকা জরুরি: মজীনা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১৯:২৭
 
 
 
 
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহর ভূমিকম্পপ্রবণ এলাকায় হওয়ায় বড় হুমকিতে রয়েছে। এ অবস্থায় যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকা জরুরি। মঙ্গলবার রাজধানীর মিরপুরস্থ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ কেন্দ্রে দুর্যোগ মোকাবিলার সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মজীনা বলেন, প্রস্তুতি থাকলে একটি দেশের দুর্যোগকালে অনেক প্রাণহানী রোধ করা সম্ভব। রাজধানী ঢাকাসহ কয়েকটি শহর ভূমিকম্পপ্রবণ হওয়ায় বাংলাদেশের উচিত চিলির সান্তিয়াগো শহরের মতো অবকাঠামোগত উন্নয়ন করা। কারণ, সান্তিয়াগো শহরে সাত বছর আগে বড় ভূমিকম্প হওয়ার পরও সবচেয়ে কম ক্ষয়ক্ষতি হয়েছিল।
মজীনা আরো বলেন, অবকাঠামোগত বিশেষ করে ভবন নির্মাণের ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। বাংলাদেশের সাইক্লোন প্রতিরোধের ক্ষমতা থাকলেও ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবিলায় ক্ষমতা কম। তবে দুর্যোগ মোকাবিলায় দেশের ৬০ হাজারের বেশি লোককে প্রশিক্ষণ দেয়া হয়েছে, যেটা খুবই ইতিবাচক দিক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এডিপিসির পরিচালক সাজেদুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহীদ উল্লাহ মিয়া, ইউএসএইডের মিশন পরিচালক যানিনা ইউ জিলেপ্পি, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান প্রমুখ।