কৃষি ও ক্ষুদ্র ঋণে সাধারণ নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ ধরনের এক শ টাকা ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে আড়াই টাকা করে প্রভিশন রাখতে হবে। এত দিন কৃষি ও ক্ষুদ্র ঋণে পাঁচ টাকা হারে সাধারণ প্রভিশন সংরক্ষণ করতে হতো। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে— কৃষি ও ও ক্ষুদ্র ঋণ বিতরণে ব্যাংকগুলোকে উত্সাহিত করতে আগের নির্দেশনা সংশোধন করে সাধারণ প্রভিশনের হার কমানো হয়েছে। তবে কৃষি ও ক্ষুদ্র খাতের সাব-স্ট্যান্ডার্ড বা নিম্নমান এবং ডাউডফুল বা সন্দেহজনক মানে শ্রেণিকৃত ঋণের ক্ষেত্রে আগের মতই পাঁচ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। এ ছাড়া, মন্দ বা ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণের বিপরীতে পূর্বের মতো শতভাগ প্রভিশন সংরক্ষণের নির্দেশনা কার্যকর থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে বর্তমানে ব্যাংকগুলোকে সাব-স্ট্যান্ডার্ড বা নিম্নমান, ডাউডফুল বা সন্দেহজনক এবং মন্দ বা ক্ষতি— এ তিনটি ধাপে ঋণ শ্রেণিকরণ করে। তিনটি পর্যায়ের মধ্যে সন্দেহজনক এবং মন্দমানে শ্রেণিকৃত ঋণ খেলাপি হিসেবে বিবেচিত।
