‘ট্রাস্ট উইমেন ২০১৪ হিরো অ্যাওয়ার্ড’ পেয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। ব্র্যাকের মাধ্যমে নারীর অধিকার রক্ষা ও অগ্রগতিতে তাঁর উদ্ভাবনী কর্মকাণ্ডে ও বিশেষ অবদানের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। লন্ডনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ট্রাস্ট উইমেন সম্মেলনের প্রথমদিন মঙ্গলবার এ পুরস্কারটি প্রদান করেন জর্ডানের রানি নূর আল-হুসেইন। স্যার ফজলে হাসান আবেদের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ব্র্যাক ইউকে’র কাউন্সিল অফ ট্রাস্টির চেয়ারপারসন সিমন সুলতানা।
প্রতি বছর থমসন রয়টার্স ফাউন্ডেশনের আয়োজনে এই ট্রাস্ট উইমেন সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী নারীদের নানা সংকট মোকাবেলায় বাস্তব সমাধানে অবদান রাখার জন্য প্রতি বছর দুই জন বিশিষ্ট ব্যক্তিকে এ পুরস্কার দেয়া হয়। পুরস্কারের জন্য এমন ব্যক্তিদের বেছে নেয়া হয় যাদের উদ্ভাবনী চিন্তা ও জন গুরুত্বসম্পন্ন কাজ নারীদের অধিকার সম্পর্কে সচেতন করে এবং উন্নয়নে সহায়তা করে।
এ বছর পুরস্কারের জন্য বিশ্বের ৪৫টিরও বেশি দেশের ১৬০ ব্যক্তি মনোনয়ন পেয়েছিলেন। এর মধ্য থেকে ট্রাস্ট উইমেনের ১৩ সদস্যবিশিষ্ট অ্যাডভাইজরি বোর্ড স্যার ফজলে হাসান আবেদকে নির্বাচন করেন। অ্যাডভাইজরি বোর্ডের সদস্যদের মধ্যে ছিলেন আফগান ইনডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন ড. সীমা সামার, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নারী উন্নয়নবিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ ক্যাথি রাসেল, চেরি ব্লেয়ার ফাউন্ডেশন ফর উইমেনের প্রতিষ্ঠাতা চেরি ব্লেয়ার এবং অশোকা গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট ইমান বিদ্রাস প্রমুখ।
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিকভাবে অবদান রাখছে। এর লক্ষাধিক কর্মী মাইক্রোফাইন্যান্স, শিক্ষা, স্বাস্থ্য, আইনি অধিকারসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে বিশ্বের ১২টি দেশের সাড়ে তের কোটি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
