নবাবগঞ্জে টাকাসহ ছিনতাইকারী আটক

আপডেট : ১৯ নভেম্বর ২০১৪, ১৯:৪৮
 
 
ঢাকার নবাবগঞ্জ শাখা ইসলামী ব্যাংক থেকে টাকা ছিনতাইকালে ৭ লাখ ১৫ হাজার টাকাসহ সেকান্দার আলী (২৫) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার দুপুরে ব্যাংক ভবনের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে আকিজ গ্রুপ অব কোম্পানীর উপজেলার নবাবগঞ্জ শাখার সহকারী স্টোরকিপার মো. আবু সেলিম ৭ লাখ ১৫ হাজার টাকা জমা দিতে আসে ইসলামী ব্যাংক নবাবগঞ্জ শাখায়। তিনি কাউন্টারে টাকা জমা দেয়ার সময় ডেস্কে টাকা রাখলে সিকান্দার নামে এক বখাটে টাকা নিয়ে নেয়। এসময় ব্যাংকের হিসাব রক্ষক আবু সালেহ দেখে ফেলে এবং দারোয়ানকে গেট বন্ধ করে দিতে বলেন। তাত্ক্ষণিক দারোয়ান গেট বন্ধ করলে জনতা সিকান্দারকে আটক করে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।
 
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক তাজউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী সিকান্দার একজন পেশাদার পকেটমার বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে। তবে তার নাম ও ঠিকানা সঠিক বলছে কিনা সন্দেহ রয়েছে।
 
ইসলামী ব্যাংক নবাবগঞ্জ শাখার ম্যানেজর মতিউর রহমান জানান, ব্যাংকে যথেষ্ট নিরাপত্তা রয়েছে কর্মকর্তরাও সচেতন। পাশাপাশি গ্রাহকরা সচেতন থাকলে এধরনের ঘটনা ঘটবে না।