ফটোশপ এডিটিংয়ের মাধ্যমে এক গৃহবধূর আপত্তিকর ছবি প্রকাশের দায়ে সোহাগ মোল্লা নামের এক যুবককে সাত বছর কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত এই যুবকের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায়।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম সামছুল আলম বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামি লিটন দত্তকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, সোহাগ মোল্লা স্থানীয় এক গৃহবধূকে প্রায়ই উত্ত্যক্ত করত ও কুপ্রস্তাব দিতো। কিন্তু ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১৩ সালের মার্চ মাসে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যান। পরে ওই নারীর ছবি তুলে তা ফটোশপ এডিটিংয়ের মাধ্যমে পর্ন ছবি তৈরি করে মোবাইলে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই গৃহবধূর সামাজিক সুনাম ক্ষুণ্নহয়।
২০১৩ সালের ৯ মে নগরকান্দা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন ভুক্তভোগী ওই গৃহবধূ।
পরে মামলাটি সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। ওই মামলায় সাক্ষ্য গ্রহন ও যুক্তিতর্ক শেষে শুনানি এ রায় দেয়া হয় বলে জানান স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম। তিনি সাংবাদিকদের বলেন, এই রায় দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।
