এ বছরের প্রথম ৯ মাসে শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকাগুলোর মধ্যে দৈনিক ইত্তেফাক-এ শিশুদের খবর সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার ‘গণমাধ্যমে নীতি-নৈতিকতা :প্রসঙ্গ শিশু’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা ম্যাস-লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
সেভ দ্য চিলড্রেনের সহায়তায় এমএমসি এই কর্মশালার আয়োজন করে। এমএমসি’র নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জুর সভাপতিত্বে রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, চাইল্ড রাইটস গভর্ন্যান্স অ্যাসেম্বলির চেয়ারপার্সন এমরানুল হক চৌধুরী প্রমুখ। কর্মশালায় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
শিশুদের স্বাভাবিক মানসিক বিকাশে ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাতে নীতি-নৈতিকতা অনুসরণের দায়কে গুরুত্ব দেয়া হয় এই কর্মশালায়। শিশুর বিকাশের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এরকম সংবাদ, ছবি, চলচ্চিত্র এবং প্রতিবেদন আরো বেশি নির্মাণ ও প্রকাশ করার পরামর্শ দেন বক্তারা। তারা সকলের প্রতি শিশুবান্ধব মিডিয়া গড়ে তোলার আহ্বান জানান।
কর্মশালায় উপস্থিত গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের সদস্যদের সমন্বয়ে একটি অ্যাডভোকেসি ফোরাম গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
