যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে তুষারঝড়ে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। বুধবার গ্রেট লেকস এলাকায় এই তুষারঝড় হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া নতুন করে তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর: বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুষারঝড়ের ফলে নিউইয়র্ক রাজ্যের বাফেলো শহরে প্রায় পাঁচ ফুট উঁচু হয়ে বরফের স্তর জমেছে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই তাপামাত্রা শূন্য ডিগ্রির নিচে রয়েছে। দেশটির আবহাওয়া অধিদফতর বলেছে, আরো তুষারপাত হতে পারে বলে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি দেশটির কোথাও কোথাও সর্বোচ্চ ছয় ফুট চার ইঞ্চি পরিমাণ বরফ পড়ার আগাম সতর্কতাও দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এতো পরিমাণ তুষার পড়ল।
তুষারঝড়ের কারণে নিজেদের বাড়ি-ঘরে এবং গাড়ির ভেতরে আটকা পড়েছেন অনেক বাসিন্দা। বুধবারে নিউইয়র্কের রাস্তায় শতাধিক গাড়ি আটকা পড়েছে বলে জানানো হয়েছে। রাস্তায় বরফ জমে চলাচলের অযোগ্য হয়ে যাওয়ার কারণে পথে প্রচুর দুর্ঘটনা ঘটছে বলেও খবর পাওয়া গেছে।
নিউইয়র্ক স্টেটের বিভিন্ন এলাকায় বুধবারে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় ট্রেন যোগাযোগ।
বৈরি আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বহু বিদ্যালয়ও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ ।
