বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ মুজিবের সবচেয়ে বড় ভুল ছিল বাকশাল করা। একই ভুল করতে চলেছেন তার কন্যা শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে তিনি এই মন্তব্য করেন।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, যে দল অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, বেশির ভাগ মানুষের সমর্থনও পেয়েছে, সে দলটি তাঁবেদার দলে পরিণত হয়েছে।
বর্তমান সরকারের ওপর দেশের মানুষের আস্থা ও বিশ্বাস থাকায় কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়েও মানুষের সাড়া পায়নি-প্রধানমন্ত্রীর দেয়া এমন বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ৫ জানুয়ারির নির্বাচনেই প্রমাণ হয়েছে যে বিএনপির সঙ্গে জনগণ আছে না নেই।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে আন্দোলনে জয় যখন প্রায় সুনিশ্চিত, তখন ষড়যন্ত্র করে বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। এই সময় সারাদেশে স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছিল বলে দাবি করেছেন তিনি।
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) এই আলোচনা সভার আয়োজন করে।
