প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হলেন সজীব ওয়াজেদ জয়

আপডেট : ২১ নভেম্বর ২০১৪, ১৪:০৬



প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার বেতন নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার মধ্যে এই প্রজ্ঞাপন জারি করল প্রধানমন্ত্রীর কার্যালয়।

গত ১৭ নভেম্বর প্রজ্ঞাপনটি জারি করা হলেও আজ বৃহস্পতিবার এটি প্রকাশ পেয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তার ক্ষমতাবলে সজীব ওয়াজেদ জয়কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। এই দায়িত্ব পালনে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এই নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক।

এর আগে গত মঙ্গলবার এক সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রতিমাসে ১ কোটি ৬০ লাখ টাকা বেতন নিয়েছেন। এই তথ্য মন্ত্রী (সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী) ফাঁস করে দিয়েছেন।’