স্ত্রী আরতির সঙ্গে প্রায়শই তর্কাতর্কি হতো মুম্বাইয়ের ভাসাইয়ের চালনা গ্রামের বাসিন্দা অরুণর। তর্কে জিততে স্বামী এক কৌশল আবিষ্কার করেন। তিনি একটি বোতলে কিছু একটা ভরে তার উপর ‘এসিড’ লেখা লেবেল লাগিয়ে রাখেন। ঝগড়ার সময় স্ত্রীকে সেই বোতল দেখিয়ে বলতেন, তর্ক করলে এসিড ছুড়ে মারবেন। এভাবে কিছুদিন চলার পর স্ত্রীর মনে হলো, এই বোতলকে ভয় পেলে সারা জীবন স্বামীর কাছে এভাবে নির্যাতিত ও নত হয়ে থাকতে হবে। আর কোনোদিন মাথা উচু করে নিজের ন্যায্য দাবির কথা তুলতে পারবেন না।
গতকাল বৃহস্পতিবার তিনি ভাবেন, আজ থেকে আর স্বামীর ওই বোতলকে ভয় পাবেন না। তিনি স্বামীর অন্যায়ের প্রতিবাদ করে তর্ক শুরু করেন। প্রতিদিনের মতো বোতল বের করে আনেন অরুন। কিন্তু আরতি তাতে পাত্তা দেন না। স্ত্রীর এই ‘দুঃসাহস’ দেখে বোতলের মুখ খুলে স্ত্রীর শরীরে ঢেলে দেন। সারা শরীর এসিডে পুড়ে ছটফট করতে থাকেন আরতি। প্রতিবেশীরা ছুটে এসে তাকে হাসপাতালে ভর্তি করে। বিপদ বুঝে অরুণ বাড়ি থেকে পালিয়ে যান। কিন্তু তার পিছু নিয়ে গ্রামবাসীরা ধরে ফেলে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তদন্তে নেমেছে অরুন এসিড কোথা থেকে সংগ্রহ করলেন সেই উত্স খুঁজে বের করার। -টাইমস অব ইন্ডিয়া
