হোটেলে খাবার অপছন্দ করায়..

আপডেট : ২১ নভেম্বর ২০১৪, ০০:৪৯

ইংল্যান্ডের ব্ল্যাকপুলের এক দম্পতি বুধবার খেয়াল করলেন, তাদের ক্রেডিট কার্ড থেকে ১৫৭ ডলার চার্জ কাটা হয়েছে। কে বা কারা এই চার্জ কাটল তার অনুসন্ধান করে টনি ও জ্যান জেনকিনসন দম্পতি জানতে পারলেন কিছুদিন আগে ব্ল্যাকপুলের ব্রডওয়ে হোটেলে তারা খাবার খেয়েছিলেন। খাবার পছন্দ না হওয়ায় তারা অনলাইনে সেই খাবারের সমালোচনা করেন। একারণে যে ক্রেডিট কার্ড দিয়ে তারা বিল পরিশোধ করেছিলেন, সেই কার্ড থেকে হোটেল কর্তৃপক্ষ আরো ১৫৭ ডলার কেটে নেয় ‘সমালোচনার জরিমানা’ হিসেবে!

তারা ওই হোটেলে ছুটে গেলেন। হোটেল কর্তৃপক্ষ জানায়, তারা অন্যায় কিছু করেনি। খাবার সম্পর্কে খারাপ মন্তব্য করলে জরিমানার বিধান আছে তাদের হোটেলের সংবিধানে। ওই হোটেলে খাবার গ্রহণের আগে একটি চুক্তিপত্রে সই করতে হয়। সেখানে এই শর্তের কথা উল্লেখ আছে! টনি বলেন, সংবিধানে কি লেখা আছে তা না পড়েই সই করে খাবার খেয়ে উঠে আসি। সমালোচনা করা যাবে না এমন শর্ত দেখলে সেখানে না খেয়েই উঠে আসতাম। উল্লেখ্য, এই শর্ত না পড়ে খাবারের সমালোচনা করায় এর আগে শত শত কাস্টমারের নিকট থেকে হাজার হাজার ডলার জরিমানা আদায় করেছে হোটেলটি। শর্তে সই করার সময় কার্ড থেকে জরিমানা কাটার অধিকার কর্তৃপক্ষকে দেয়া হয়, একারণে তারা কাস্টমারকে দ্বিতীয়বার না জানিয়েই জরিমানা কেটে নিতে পারে।