সন্ত্রাস ও মাদক বিশ্বব্যাপী শান্তির ক্ষেত্রে গুরুতর সমস্যার সৃষ্টি করছে----------প্রধান বিচারপতি

আপডেট : ২১ নভেম্বর ২০১৪, ০০:৫২

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, সন্ত্রাস ও মাদকাসক্তি আজ বিশ্বব্যাপী শান্তি ও সহিষ্ণুতার ক্ষেত্রে এক গুরুতর সমস্যার সৃষ্টি করছে। শুভ চেতনা সম্পন্ন সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে উগ্রবাদ ও চরমপন্থার বিপরীতে শান্তি, সহিষ্ণুতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে হবে। বিজয়া পুনর্মিলনী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এটর্নি জেনারেল মাহবুবে আলম, সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগের অধ্যাপক কাজী নূরুল ইসলাম, বিজয়া পুনর্মিলনী পরিষদের আহবায়ক প্রবীর রঞ্জন হালদার প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।