সাকিবের শতকে বাংলাদেশের সংগ্রহ ২৮১

আপডেট : ২১ নভেম্বর ২০১৪, ১৮:০৭



সাকিব আল হাসানের শতক, মুশফিকুর রহিমের অর্ধশতক ও সর্বশেষ সাব্বির রহমানের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে জিম্বাবুয়েকে ২৮২ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সাকিব তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক। দলের পক্ষে পানিঙ্গারা তিনটি উইকেট পেয়েছেন।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠায় জিম্বাবুয়ে। অধিনায়কের সিদ্ধান্তকে স্বার্থক করে তোলেন পানিঙ্গারা ও ছাতারারা। দলীয় ৮ রানের মাথায় তামিম ইকবালকে (৫) বোল্ড আউট করে সাজঘরে ফেরত পাঠান টিনাশে পানিয়াঙ্গারা। দলের ২৬ রানের মাথায় ছাতারার বলে এল্টন চিগুম্বুরার ক্যাচে পরিণত হন এনামুল হক (১২)। দলীয় ৩১ রানের মাথায় ছাতারার বল পুল করতে গিয়ে টাফাজওয়া কামুনগোজির সহজ ক্যাচে পরিণত হন মাহমুদুল্লাহ রিয়াদ (১)। কিছুটা প্রতিরোধ গড়লেও একই পথে হাটেন মুমিনুল হক (৩১)। দলীয় ৭০ রানের মাথায় জন নিউম্বুর বলে বোল্ড হয়ে হন তিনি।


এরপর হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তাদের ১৪৮ রানের জুটি দলীয় স্কোরকে বেশ সমৃদ্ধ করে। সাকিব আল হাসান তুলে নেন ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক। মুশফিকও পান অর্ধশতকের দেখা। সবচেয়ে বড় এই জুটিটি ভাঙেন কুমুঙ্গজি। তার বলে পানিঙ্গারা বলে ক্যাচ দিয়ে ফিরে যান সাকিব। এর কিছুক্ষণ পরেই নো বলে ক্যাচ দেন মুশফিক। তবে সেই যাত্রায় রেহাই পেলেও ব্যক্তিগত রানের চাকা বেশি দূর গড়াতে ব্যর্থ হন অধিনায়ক। ব্যক্তিগত ৬৫ রান করে পানিঙ্গারার শিকার হন তিনি। এরপর আবারও কিছুটা শঙ্কা জাগে বাংলাদেশ শিবিরে। বিপদমুক্ত হলেও স্কোরটা যুতসই মনে হচ্ছিল না। এ যাত্রায় সেই কাজটি সুন্দরভাবে শেষ করেন সাব্বির রহমান। ২৫ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন তিনি।