তিস্তাসহ অসমাপ্ত বিভিন্ন ইস্যুতে মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলতে শুক্রবার কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের সরকার পক্ষের ৮ সংসদ সদস্য। শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা হাওড়ার নিবান্নে এক বৈঠকে মিলিত হবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে— অনুষ্ঠিতব্য বৈঠকে সন্ত্রাস, জঙ্গিবাদ, স্থলসীমানা, শুষ্ক মৌসুমে বাংলাদেশ এবং ভারত তথা পশ্চিমবঙ্গের মধ্যকার পানিবণ্টন সমস্যা, ট্যুরিজম, ভিসা সহজীকরণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করবেন।
মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে সংসদীয় দলটিতে রয়েছেন বাংলাদেশ ইকবালুর রহিম, পংকজ নাথ, নাহিম রাজ্জাক, মাহজাবিন খালেদ, শফিকুল ইসলাম শিমুল, কাজী নাবিল আহম্মেদ ও ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুত্ফুল্লাহ। কলকাতার পর দলটি দিল্লি যাবে।
এ ছাড়া, সংসদীয় দলটি বিজেপির উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ ও গণতন্ত্র চর্চার বিভিন্ন দিক এবং দুই দেশের আঞ্চলিক সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করবে। তবে তাদের প্রধান উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করা। পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করে বাংলাদেশের পলাতক জঙ্গিরা যাতে তত্পরতা চালাতে না পারে, সে বিষয়েও দলটি কথা বলবেন মমতার সঙ্গে।
প্রতিনিধি দলটির ভারতীয় লোকসভায় স্পিকার, মন্ত্রিবর্গ, সংসদ সদস্যবৃন্দ, কংগ্রেসনেতা রাহুল গান্ধির সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে।
