ভীতিহীন সমাজ গড়ে তোলাই প্রকৃত গণতন্ত্র: আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ২১ নভেম্বর ২০১৪, ২১:২৭
 
 
 
 
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘গণতন্ত্র মানেই একটি নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর নয়। দেশের মানুষের জন্য একটি ভয়ভীতিহীন সমাজ গড়ে তোলাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র।’ তিনি বলেন, ‘স্বাধীনতা অর্জনের পর আমরা যতটুকু সফলতা অর্জন করতে পারতাম, ততটুকু হয়তো পারিনি, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের অর্জনগুলো খাটো করে দেখার অবকাশ নেই।’ শুক্রবার সাভারের আশুলিয়ার ২ নম্বর স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু এ সব কথা বলেন।
পরিবেশ ও বন মন্ত্রী বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে গণতন্ত্রের ধারাবাহিকতা প্রয়োজন। এর সাথে সাথে দরকার স্থিতিশীলতা। স্বাধীনতার পর আমরা নানা কারণে গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে পারিনি। আমরা অনেকে গণতন্ত্র বলতে শুধু একটি জাতীয় নির্বাচনকে বুঝি। কিন্তু সমাজে মানুষের নির্ভয়ে থাকার ব্যবস্থাও গণতন্ত্রের মধ্যে পড়ে।’
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘গণতন্ত্র অর্থবহ করে তুলতে হলে মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সাথে সাথে ভয়ভীতিহীন একটি সমাজ গড়ে তুলতে হবে।’
পরিবেশ ও বন মন্ত্রী বলেন, ‘যে লক্ষ্য এবং আদর্শ নিয়ে ষাটের দশকে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি, মুক্ত স্বাধীন দেশে সেগুলোর অনেকগুলো অর্জিত হয়েছে। আমরা স্বাধীনতা অর্জন করেছি বলে দেশ অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়েছে। শিল্প-কারখানা যেমন গড়ে উঠেছে, যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয়েছে। ঢাকা থেকে সাভার, গাজীপুর হয়ে ময়মনসিংহ এবং অপর দিকে, আরিচা পর্যন্ত শুধু কলকারখানার সারি। দেশের বিভিন্ন এলাকায়ও এ সব অর্থনৈতিক উন্নয়ন সবার চোখে পড়বে। আবার আশা অনুযায়ী আমরা আরো অনেক কিছু অর্জন করতে পারিনি।’
বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘বিদ্যুত্ ও গ্যাস সংকটের কারণে আমাদের অর্থনৈতিক উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। তবে আমরা ব্যর্থ হইনি।’
‘তরুণ এবং যুবকরা দেশের চালিকাশক্তি’ উল্লেখ করে পরিবেশ ও বন মন্ত্রী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগ্রাম করেছি। দেশ গড়তে এখন স্থিতিশীলতার প্রয়োজন। পরাধীন আমলের মতো আমাদেরকে যাতে আর রাস্তায় রক্ত ঝরাতে না হয়, সে দিকে সবার খেয়াল রাখতে হবে।’
২ নম্বর স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা জেলা প্রশাসক হাসিনা দৌলা, উপজেলা আওয়ামী লীগের সাধাারণ সম্পাদক আলী হায়দার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবির।
এর আগে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু অন্য অতিথিদের নিয়ে ২ নম্বর স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন।