`ভয়ভীতিহীন সমাজ গড়ে তোলাই প্রকৃত গণতন্ত্র'

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ১০:৪৬

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, গণতন্ত্র মানে কেবল একটি নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর নয়। দেশের মানুষের জন্য একটি ভয়ভীতিহীন সমাজ গড়ে তোলাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র। তিনি বলেন, স্বাধীনতা অর্জনের পর আমরা যতটুকু সফলতা অর্জন করতে পারতাম; ততটুকু হয়তো পারিনি, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের অর্জনগুলো খাটো করে দেখার অবকাশ নেই। গতকাল শুক্রবার সাভারের আশুলিয়ার ২ নং স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু এসব কথা বলেন।
পরিবেশ ও বন মন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে গণতন্ত্রের ধারাবাহিকতা প্রয়োজন। এর সাথে সাথে দরকার স্থিতিশীলতা। স্বাধীনতার পর আমরা নানা কারণে গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে পারিনি। আমরা অনেকে গণতন্ত্র বলতে শুধু একটি জাতীয় নির্বাচনকে বুঝি। কিন্তু সমাজে মানুষের নির্ভয়ে থাকার ব্যবস্থাও গণতন্ত্রের মধ্যে পড়ে। তিনি বলেন, গণতন্ত্র অর্থবহ করে তুলতে হলে মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সাথে সাথে ভয়ভীতিহীন একটি সমাজ গড়ে তুলতে হবে।
পরিবেশ ও বন মন্ত্রী বলেন, যে লক্ষ্য এবং আদর্শ নিয়ে ষাটের দশকে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি মুক্ত স্বাধীন দেশে সেগুলোর অনেকগুলো অর্জিত হয়েছে। আমরা স্বাধীনতা অর্জন করেছি বলে দেশ অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়েছে। শিল্প কারখানা যেমন গড়ে উঠেছে, যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয়েছে। ঢাকা থেকে সাভার, গাজীপুর হয়ে ময়মনসিংহ এবং অপরদিকে আরিচা পর্যন্ত শুধু কল কারখানার সারি। দেশের বিভিন্ন এলাকায়ও এসব অর্থনৈতিক উন্নয়ন সবার চোখে পড়বে। আবার আশা অনুযায়ী আমরা আরো অনেক কিছু অর্জন করতে পারিনি। এক্ষেত্রে তিনি বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, বিদ্যুত্ ও গ্যাস সমস্যার কারণে আমাদের অর্থনৈতিক উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। তবে আমরা ব্যর্থ হইনি। তরুণ এবং যুবকরা দেশের চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগ্রাম করেছি। দেশ গড়তে এখন স্থিতিশীলতার প্রয়োজন। পরাধীন আমলের মতো আমাদের যাতে আর রাস্তায় রক্ত ঝরাতে না হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান বলেন, বর্তমান সরকার শক্তিশালী স্থানীয় সরকার কাঠামোতে বিশ্বাস করে। এজন্য এ সরকারের আমলে স্থানীয় পর্যায়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে অনেকে সমালোচনা করে। কিন্তু বহির্বিশ্বে বাংলাদেশের অর্জন প্রমাণ করে এ নির্বাচন নিয়ে আর কোন বিতর্ক নেই।
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। তিনি নারীদের কর্মসংস্থানের জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা গড়ে তোলার আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ কিছু পায়। কারণ আওয়ামী লীগ জনগণের দল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবির। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মোল্লা, উপজেলা প্রকৌশলী খোন্দকার আসাদুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ মন্ডল প্রমুখ।
এর আগে প্রধান অতিথি আনোয়ার হোসেন মঞ্জু অন্য অতিথিদের নিয়ে নবনির্মিত ইউনিয়ন পরিষদ কার্যালয় উদ্বোধন করেন এবং সেখানে দোয়া করেন।