ইউরোপ সফরে যাচ্ছেন সিসি

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ১২:২৭
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি আগামী সপ্তাহে ফ্রান্স ও ইতালি সফরে যাচ্ছেন। আগামী সোমবার থেকে চারদিনের সফর শুরু হচ্ছে তার। খবর: এএফপির।
কট্টরপন্থী পূর্বসূরিকে উৎখাত এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পর ইউরোপের কোন দেশে এটি তার প্রথম সফর।
২০১৩ সালের জুলাইতে যখন মোহম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয় তখন সিসি মিশরের সেনাপ্রধান ছিলেন। এই উৎখাতের ঘটনাকে কেন্দ্র করে দেশে মুরসি সমর্থক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তৎক্ষণাৎ ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের পক্ষ থেকে এ ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানানো হয়। তবে এ বছরের গোড়ার দিকে অনুষ্ঠিত নির্বাচনে সিসির জয়লাভের পর থেকেই মিশরের সহিংসতাপূর্ণ পরিস্থিতির ক্রমেই উন্নতি ঘটতে থাকে। কেন্দ্রীয় সরকার আঞ্চলিক জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে নিজের অবস্থান জোরদার করা হয়।
মিশরের সাথে এই দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি লিবিয়ায় সরকার সমর্থিত সৈন্য ও ইসলামি কট্টরপন্থী মিলিশিয়া বাহিনীর মধ্যে যুদ্ধের ব্যাপারে একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণে আলোচনার লক্ষ্যেই তার এই চারদিনের সফর। এ সফর চলাকালে সিসি ফ্রান্স ও ইতালির রাষ্ট্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রেসিডেন্টের মুখপাত্র আলা ইউসেফ এএফপিকে বলেন, এই সফরকালে উভয়পক্ষ সকল খাতে সহযোগিতা বৃদ্ধির চেষ্টা চালাবে।