‘ছাত্রলীগ শিক্ষাঙ্গনে ত্রাসের রাজত্ব কায়েম করেছে’

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ১৬:০৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, ছাত্রলীগ সারা দেশের শিক্ষাঙ্গনে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের নিজেদের কোন্দলে দেশের অনেক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। নিজেরা নিজেরা গুলি খেয়ে মরছে। আওয়ামী লীগ প্রমাণ করছে তারা খুনি, ফ্যাসিস্ট এবং নির্যাতনকারী দল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। গণতন্ত্র ধ্বংস হবে। তাই এই সরকারের পতন ঘটাতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।
আগামী ২৯ নভেম্বর কুমিল্লায় খালেদা জিয়ার জনসভা সফল করতে আজ শনিবার হোমনায় বিএনপি ও অঙ্গসংগঠনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমকে আনোয়ার বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। সংবিধানকে তছনছ করেছে। ব্যাংকগুলো লুট করেছে। দেশের সব অর্জন ধ্বংস করে তারা আবারও একদলীয় বাকশালের দিকে অগ্রসর হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সেক্রেটারি অ্যাড. আজিজুর রহমান মোল্লা, ভাইস চেয়ারম্যান ও সহসভাপতি  মাজেদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সেক্রেটারি ছানাউল্লাহ, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান শেফালী বেগম, বিএনপি নেতা মিজানুর রহমান, হানিফ মিয়া, আতাউল্লাহ, হিমেল, অহিদ মোল্লা প্রমুখ।