সীমান্ত নিরাপত্তার জন্য আরো উন্নত প্রশিক্ষণের অংশ হিসাবে শনিবার সকালে ২৫ সদস্যের বিজিবি’র একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গমন করেছেন।
প্রতিনিধি দলটি সুবেদার বিল্লাল হোসেনের নেতৃতে ভারতের ঝাড়খান রাজ্যের হাজারীবাগ এলাকার একটি প্রশিক্ষণ কেন্দ্রে সাতদিন ব্যাপী বিজিবি-বিএসএফ’র যৌথ সীমান্ত প্রশিক্ষণে অংশ নিবেন।
২৫ সদস্যের এই প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৪০ বিএসএফের কমান্ডিং অফিসার কর্নেল বারজেন্ডার তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার আইয়ুব আলী সরকার জানান, দু-দেশের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে আরো উন্নত প্রশিক্ষণের জন্য প্রতিনিধি দলটি ভারতে গেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে বিজিবি-বিএসএফ’র যৌথ টহল ব্যবস্থাকে আরো উন্নত করতে “বর্ডার ম্যানেজমেন্ট” নামে একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে বিজিবির ২৫ সদস্যের প্রতিনিধি দলটি ভারত গেছে। সেখানে দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে সুসম্পর্ক বজায় রেখে কীভাবে মাদক, অস্ত্র, অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায় সে লক্ষ্যে উভয় দেশের সীমান্তরক্ষীদের আরো উন্নত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সপ্তাহব্যাপী এই যৌথ প্রশিক্ষণটি আগামী ২৪ নভেম্বর সোমবার থেকে শুরু হবে।
