স্বাস্থ্যবিমা চালু করছে গ্রিন ডেল্টা

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ১৭:৪৬
 
দেশে প্রথম বারের মতো স্বাস্থ্যবিমা শুরু করেছে গ্রিন ডেল্টা ইন্সুরেন্স। আর এ বিষয় সার্বিক দেখভাল করতে জিডি অ্যাসিস্ট নামের একটি সহপ্রতিষ্ঠান চালু করেছে ওই কোম্পানি। রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হবে। শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। গ্রিন ডেল্টা ইন্সুরেন্স ও মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইটিসি) যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, উপদেষ্টা নাসির এ চৌধুরী, ডিএমডি ও কোম্পানি সচিব মাঈনুদ্দিন আহমেদ, এমএইটিসির সিনিয়র ম্যানেজার ইনচার্জ ডলি লিম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়— জিডি অ্যাসিস্ট গ্রাহকদের মালয়েশিয়ায় উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করবে। এ সেবার আওতায় ভিসা প্রসেসিং, টিকেটিং, হাসপাতালে ভর্তি থাকা, যাতায়াত ব্যবস্থা প্রভৃতি কাজ করবে জিডি অ্যাসিস্ট। এ জন্য এরই মধ্যে সম্প্রতি জিডি অ্যাসিস্ট মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালের সঙ্গে চুক্তি সই করেছে। জিডি অ্যাসিস্ট হাসপাতালের এজেন্ট হিসেবে কাজ করবে।
সংবাদ সম্মেলনে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী বলেন, মৃত্যু দাবি ছাড়া সাধারণ বিমা কোম্পানিগুলো জীবন বিমার মতো সব ধরনের সেবা দিতে পারে। জিডি অ্যাসিস্টের মাধ্যমে গ্রাহকরা মালয়েশিয়ায় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
এক প্রশ্নের জবাবে গ্রিন ডেল্টার উপদেষ্টা নাসির এ চৌধুরী বলেন, জিডি অ্যাসিস্টের পুনর্বিমার ৫০ শতাংশ থাকবে সাধারণ বিমা করপোরেশনের কাছে। এ ছাড়া, বিদেশি একটি বিখ্যাত পুনর্বিমা কোম্পানি জিডি অ্যাসিস্টের সঙ্গে থাকছে। ৬৫ বছরের মধ্যে যেকোনো ব্যক্তি জিডি অ্যাসিস্ট থেকে স্বাস্থ্যবিমা গ্রহণ করতে পারবেন। গ্রাহকের বয়স ও অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে বিমা পলিসির প্রিমিয়াম নির্ধারিত হবে।