মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের পাশাপাশি মুক্তিযুদ্ধ বিরোধী আল বদর, আল শামস ও রাজাকারদেরও তালিকা প্রণয়ন করা হবে।
শনিবার দুপুরে গাজীপুরের বোর্ডবাজারে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি গাজীপুর জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীতায় সুবিধাভোগীদের তালিকার কাগজপত্র বিগত জোট সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে সরিয়ে ফেলায় এখন উপজেলা পর্যায় থেকে নতুন করে তালিকা প্রণয়নের কাজ শুরু করা হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আল বদর, আল শামস ও রাজাকারদের তালিকাও প্রকাশ করা হবে।
এ বছরের মধ্যেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের যাচাই বাছাইয়ের কাজ সম্পন্ন করা হবে বলেও মন্ত্রী জানান।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজমত উল্লা খান, পার্টির মহাসচিব মাওলানা মো. শরীফুর রহমান প্রমুখ।
