বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বাড়াতে হবে : স্পিকার

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ১৮:৩৪
 
 সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিবাহ বন্ধে আইনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। 
তিনি শনিবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হাজী কোরপ আলী কলেজ মাঠে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর আয়োজিত “বাল্যবিবাহ প্রতিরোধ করে মাতৃমৃত্যু রোধ করুন বিষয়ক একটি জনসচেতনতামূলক সমাবেশ” এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন।
তিনি বলেন, সামাজিক সচেতনতার কাজটি প্রথমে পরিবার থেকে শুরু করতে হবে, সামাজিক মূল্যবোধ ও মনোভাব পরিবর্তন করতে হবে। বাল্যবিবাহের বিরুদ্ধে সকল পর্যায়ে প্রচারাভিযান চালিয়ে যেতে হবে। অল্প বয়সে বিয়ে না দিয়ে মেয়েদেরকে শিক্ষিত করে গড়ে তোলতে হবে। 
স্পিকার বলেন,‘আমাদের মেয়েদের ভবিষ্যত নিজেদের গড়ে তোলতে হবে। মেয়েদের সম্ভাবনার দ্বার উন্মোচন করতে তাদেরকে সুযোগ করে দিতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের পাশাপাশি পুরুষদের এগিয়ে আসতে হবে।’ 
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন বলেন, মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ বাল্যবিবাহ, বাল্যবিবাহ মেয়েদেরকে বিপদের মধ্যে ঠেলে দেয়, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়ার সম্ভাবনা থাকে এবং শিক্ষার সুযোগ কমে যায়।
সিরাজগঞ্জ-২ কামারখন্দ আসনের সংসদ-সদস্য ডা. হাবিবে মিল্লাত সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মোমিন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।