বালি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি নেই

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ১৯:২৭
 
 
 
এক বছর আগে বিশ্ববানিজ্য সংস্থার (ডব্লিউটিও) বালি সম্মেলনে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো তা বাস্তবায়নে খুব একটা অগ্রগতি নেই। বিশেষ করে স্বল্পন্নোত দেশগুলোর বানিজ্য সুবিধা বাড়ানোর প্রক্রিয়ার অগ্রগতি নেই। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে বক্তারা এ কথা বলেন। তারা বলেন, উন্নত বিশ্বের বাজারে স্বল্পোন্নত দেশগুলোর পন্যের প্রবেশাধিকার সুবিধা বাড়ানোসহ, শুল্ক মুক্ত সুবিধা বাড়ানোর লক্ষ্য থকালেও তা কাঙ্ক্ষিত হারে হয়নি। তবে সম্প্রতি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে খাদ্য নিরাপত্তা বিষয়ক যে সমঝোতা হয়েছে, এর ফলে বালি সম্মেলনের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন প্রক্রিয়াকে সহজ করবে।
শনিবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব বানিজ্য সংস্থার (ডব্লিউটিও) বালি সম্মেলনে নেয়া সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে এ সংলাপের আয়োজন করা হয়। সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান।
আলোচনায় অংশ নেন, সিপিডির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক আনোয়ার হুদা, রিচার্ড কানিং হাম প্রমূখ।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, বারো বছর আগে ডব্লিউটিও’র দোহা রাউন্ডের সিদ্ধান্তগুলো এখনও বাস্তবায়ন হয়নি। এর মধ্যে বিশ্বে অনেক পরিবর্তন এসেছে। বিশেষ করে অর্থনীতিতে সেবা খাতের অবদান উল্লেখযোগ্য হারে বেড়েছে। চীন ও ভারতের অনেক উন্নতি হয়েছে। বিশ্বের অনেক দেশ ডব্লিউটিও’র চুক্তির বাইরেও দ্বি-পাক্ষিক ও বহুপাক্ষিক বানিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে। কিন্তু ডব্লিউটিওর বিভিন্ন পর্যায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় লাভবান হচ্ছে না স্বল্পোন্নত দেশগুলো। এ পরিস্থিতির উন্নতির জন্য বহুপাক্ষিক বানিজ্যের নীতিমালা সংশোধনসহ স্বল্পন্নোতদেশগুলোর অভ্যন্তরীণ নীতিমালারও পরিবর্তন প্রয়োজন, তা না হলে স্বল্পোন্নত দেশগুলোর জন্য যে সম্ভাবনা তৈরী হয়েছে তা হাতছাড়া হয়ে যেতে পারে।