যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল তিনদিনের সফরে আগামী ২৭ নভেম্বর ঢাকা আসছেন। ২৬ ও ২৭ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে পর্যবেক্ষক হিসাবে অংশ নেবেন নিশা দেশাই। দক্ষিণ এশিয়ার আটটি দেশের আঞ্চলিক ফোরাম–সার্ক এ পর্যবেক্ষক দেশ যুক্তরাষ্ট্র। সার্ক সম্মেলনে যোগদানশেষে ঢাকা আসবেন নিশা দেশাই। তিনদিন ঢাকায় অবস্থানকালে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম যুক্তরাষ্ট্র সরকারের কোন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক ঢাকা আসছেন। তাই এই সফরকে তাত্পর্যপূর্ণ মনে করছে অভিজ্ঞমহল। ঢাকা ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে নিশা দেশাই আলোচনা করবেন। তিনি গত বছরের নভেম্বর মাসে সর্বশেষ ঢাকা সফর করেন। নিশা দেশাই এবার ২৫ নভেম্বর নয়াদিল্লী সফর করবেন। কাঠমান্ডু ও ঢাকার পর তাসখন্দ যাবেন।
