যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ফ্রান্সসহ ১৩টি রাষ্ট্র জাতিসংঘের জলবায়ু তহবিলে ৯ বিলিয়ন পাউন্ড অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু পরিবর্তন প্রতিরোধ এবং এর প্রভাব মোকাবিলায় এই অর্থ ব্যয় করা হবে। গত বৃহস্পতিবার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সম্মেলনে ‘গ্রিন ক্লাইমেট ফান্ডে’ যুক্তরাষ্ট্র তিন বিলিয়ন ডলার এবং জাপান ১ দশমিক ৫ বিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জার্মানি ও ফ্রান্সের পক্ষ থেকেও এক বিলিয়ন ডলার করে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ২০১৫ সালের মধ্যে এই তহবিলে ৭২০ মিলিয়ন পাউন্ড দেয়ার ঘোষণা দিয়েছেন। বিদ্যমান বৈদেশিক উন্নয়ন বাজেট থেকেই এ অর্থ দেয়া হবে। ২০১৩-১৪ অর্থবছরে জলবায়ু খাতে যুক্তরাজ্যের বরাদ্দ ছিল ৩১০ মিলিয়ন পাউন্ড।
ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য জলবায়ু খাতে বরাদ্দ দেয়ায় গত বছর জলবায়ু পরিবর্তনের শিকার দুই লাখ ৯০ হাজার ব্যক্তি সহায়তা পেয়েছে। আগের বছর এ সংখ্যা ছিল দুই লাখ। তবে উন্নয়ন সহায়তা খাত থেকে জলবায়ু তহবিলে প্রধানমন্ত্রী বাড়তি অর্থ দেয়ার প্রতিশ্রুতি দেয়ায় আগামী বছর দেশটির কয়েকটি মানবিক খাতে সহায়তার পরিমাণ কমবে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
