‘অপরাধের সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থ’

আপডেট : ২৩ নভেম্বর ২০১৪, ১৫:০৮

ছাত্রলীগের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রসংসদ নির্বাচন বন্ধ থাকায় ছাত্রলীগের মধ্যে অসন্তোষ রয়েছে। ছাত্রলীগের অপরাধমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার চলছে। এ সকল কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিশ্বজিত্ হত্যায় জড়িতরা পাড় পায়নি। অতীতেও ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, এখনো নেয়া হবে। কোন অপকর্মকারীকেই ছাড় দেয়া হবে না।

গতকাল শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি নদীতে নির্মাণাধীন পাটগাতী সেতু পরিদর্শন করে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে আক্রমণ করে রাজনীতিতে বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কটূক্তি করার মাসুল বিএনপিকেই দিতে হবে। সাম্প্রতিক সময়ে বিএনপির আন্দোলনের হাঁকডাক দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করার কৌশল ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন মন্ত্রী।
পদ্মাসেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক চলে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। ২০১৮ সালের মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হবে। ওই বছরই সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।
টুঙ্গিপাড়ার পাটগাতী শেখ লুত্ফর রহমান সেতুর কাজ শেষ পর্যায়ে উল্লেখ করে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী এ সেতুর উদ্বোধন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের। এ আগে মন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কাশেম ভুঁইয়া, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা  জানান, এদিকে বেলা ১১ টায় নাজিরপুর উপজেলা সদরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, ছাত্র রাজনীতির নামে গুটি কয়েকজনের কর্মকাণ্ডে ছাত্র রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই মাদক ও সন্ত্রাস থেকে ছাত্র রাজনীতি মুক্ত করতে হবে। ক্ষমতা সম্পর্কে মন্ত্রী বলেন, ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতাকে দু’ভাগে ভাগ করা যায়। ক্ষমতা দেশের মানুষের কল্যাণে ব্যবহার করা যায়, আবার নিজের স্বার্থে পকেট ভারী করতেও ব্যবহার করা যায়।  তিনি পিরোজপুরে কচা নদীর উপর সেতু, নাজিরপুর স্বরূপকাঠী রাস্তার উন্নয়ন এবং বেকুটিয়ায় নতুন ফেরি দেয়ার অঙ্গীকার করেন।  

ঝালকাঠি প্রতিনিধি জানান, পরে পিরোজপুর হয়ে সড়ক পথে ঝালকাঠি সার্কিট হাউসে যাত্রা বিরতি করেন সেতু মন্ত্রী। গতকাল বিকাল ৫ টায় সেতু মন্ত্রী ঝালকাঠি এসে রাতে বরিশাল যান।