একে অপরকে সামনাসামনি না দেখেই বিয়েতে মত দিয়েছিলেন বর-কনে। বিয়ের পর ছবি তোলার জন্য নববিবাহিত দম্পতিকে একজায়গায় বসানো হয়। তখনই প্রথমবারের মতো স্ত্রীর চেহারা দেখেন স্বামী। কিন্তু নববধূর মুখ দেখার সঙ্গে সঙ্গে বর বলে ওঠেন, “আমি যাকে বিয়ে করতে চাই সে আপনি নন। আমি যাকে কল্পনা করেছি সে আপনি নন। দুঃখিত, আমি আপনাকে তালাক দিচ্ছি।”
সৌদি আরবে ঘটেছে এ ঘটনাটি। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল কনে কান্নায় ভেঙে পড়েন। আর হৈ হুল্লোড়ে মত্ত পুরো বিয়ে বাড়িতে নেমে আসে নিস্তব্ধতা। বিয়েতে আসা অতিথিরা বরকে মত বদলানোর জন্য অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো ফল হয়নি। সৌদি আরবের দৈনিক ‘ওকায’ পত্রিকা এ খবর জানিয়েছে।
বরের এ আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় ওঠে। বিয়ের পাত্র-পাত্রী পরষ্পরকে না দেখে শুধুমাত্র পরিবারের ওপর ভরসা করে বিয়ের সিদ্ধান্ত নেয়ার প্রথারও সমালোচনা করা হয় এতে।
উল্লেখ্য, এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশেই এখনো বর-কনে একে অপরকে না জেনে, এমনকি একবারও সামনাসামনি না দেখেই বিয়ে করেন। সৌদি ওই দম্পতির বেলায়ও তেমনটি ঘটেছে।