ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলেই হবে না, যারা এদের পৃষ্ঠপোষকতা ও লালন-পালন করেছে, তাদেরও এ দেশ থেকে বিতাড়িত করতে হবে।’ রবিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। খবর বাসসের।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘এ দেশের জনগণের দাবি বিজয়ের মাস ডিসেম্বরের মধ্যে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা।’
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংবিধান অনুযায়ী ২০১৯ সালে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ‘বাংলাদেশ আওয়ামী মত্স্যজীবী লীগ’ এ আলোচনা সভার আয়োজন করে।
মত্স্যজীবী লীগের সভাপতি সাঈদুর রহমান সাঈদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন— মত্স্য প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
