বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে না পারলে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে আসাম চুক্তির সংশোধন করার কথা জানিয়েছেন বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী। রবিবার ইন্ডিয়ান এক্সপ্রেস ও আইএএনএসে এই তথ্য জানানো হয়।
শনিবার সুব্রামানিয়াম সাংবাদিকদের বলেন, আমি কিছু কঠিন নীতি চাই। আমি চাই বাংলাদেশ সহযোগিতা করুক। অবৈধ অভিবাসী ঠেকাতে তাদের আইন করা উচিত। কিন্তু তারা যদি সহযোগিতা না করেন, তবে তার জন্য ফল ভোগ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের উচিত ভারতের দিক থেকে কি ধরনের আঘাত আসতে পারে তা অনুধাবন করা..এই সমস্যা নিয়ন্ত্রণের জন্য একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের প্রতি প্রতিশোধপরাণ প্রক্রিয়া গ্রহণ করা।
আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, আসাম চুক্তিতে বাংলাদেশের জন্য শাস্তিমূলক ব্যবস্থার কোনো ধারা নেই। এ কারণে আসাম চুক্তি সংশোধন ও আপগ্রেড করা উচিত। তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের আসার কারণে তাদের কাছ থেতে সমানুপাতিক জমি দাবি করা উচিত।
বিজেপি ক্ষমতায় আসলে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দেয়া হবে, লোকসভা নির্বাচনী প্রচারণায় এমন কথা জানানো হয়। এ বিষয়ে সরকার পদক্ষেপের কথা জানতে চাইলে সুব্রামানিয়ান জানান, পার্টি অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত দেয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় দেয়নি।
তিনি বলেন, সীমান্ত একেবারে বন্ধ করে দেয়া যায় না। এমনকি যুক্তরাষ্ট্র মেক্সিকান নাগরিকদের প্রবেশ ঠেকাতে পারেনি।
