সাবেক জার্মান চ্যান্সেলর এডলফ হিটলারের আঁকা একটি চিত্রকর্ম এক লক্ষ ৬১ হাজার ডলারে বিক্রি হয়েছে। শনিবার জার্মানির নুরেমবার্গের একটি নিলামে হিটলারের জল রঙে আঁকা 'সিভিল রেজিস্ট্রি অফিস এন্ড ওল্ড টাউন হল অফ মিউনিখ' শিরোনামের চিত্রকর্মটি তোলা হয়। মধ্যপ্রাচ্যের কোন ক্রেতা ছবিটি কিনে নিয়েছেন জানানো হলেও, ক্রেতার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি নিলামকারী প্রতিষ্ঠান 'ওয়াইডার'।
ধারণা করা হচ্ছে ছবিটি হিটলারের আঁকা প্রায় দুই হাজার ছবির মধ্যে একটি। চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষে হিটলার ১৯০৫ থেকে ১৯২০ এর মধ্যে এই ছবিগুলো এঁকেছিলেন। নিলামঘরটির পরিচালক ক্যাথরিন ভাইন্ডার জানিয়েছেন, তাদের প্রত্যাশা ছিল চিত্রকর্মটি ৪০ হাজার ইউরোতে বিক্রি হবে। কিন্তু এটি বিক্রি হয়েছে তার কয়েকগুণ বেশি দামে।
হিটলারের আত্মজীবনী 'মাইন কাম্ফ'এ তার চিত্রশিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রামের কথা উল্লেখ আছে। আত্মজীবনীতে তিনি লিখেছিলেন, চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রবল ইচ্ছা থাকলেও ভিয়েনার একাডেমি অফ ফাইন আর্টস তার ভর্তির আবেদন বারংবার প্রত্যাখ্যান করায় তিনি হতাশ হয়ে পড়েন।
সমালোচকদের দৃষ্টিতে হিটলারের আঁকা ছবিগুলো উচ্চ মানসম্পন্ন না হলেও এর ঐতিহাসিক গুরুত্ব আছে। ঐতিহাসিকদের মতে শিল্পীজীবনের হতাশা থেকে ছবি আঁকা ছেড়ে তিনি নাৎসি পার্টিতে যোগ দেন। সূত্র: বিবিসি, সিএনএন
