বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার ডাকে সবাইকে আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন,আওয়ামী লীগ ক্ষমতায় বেশিদিন টিকে থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। সমস্ত অর্জন শেষ হয়ে যাবে। একটি গোষ্ঠী বার বার ষড়যন্ত্র করেছে এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে পিছিয়ে দিতে। আর আওয়ামী লীগ বরাবরই এতে বিরাট ভূমিকা রেখেছে। খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করবো। তিনি বলেন,সরকার দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। দেশকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব টিকে থাকবে না। তাই এদের বিদায় করতে হবে।
রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিএনপি যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, কবি আব্দুল হাই শিকদার, যুব দলের সিনিয়র সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।
এদিকে ঢাকা আইনজীবী সমিতির টিনশেড মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থপাচার মামলায় খালাস দেওয়ায় বিচারককে দেশ ছাড়া করেছে সরকার। এ ঘটনা থেকে অনুমান করা যায়, বিচার বিভাগের স্বাধীনতা নেই।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মহসীন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ঢাকা আইনজীবী সমিতির সম্পাদক মুসলেউদ্দিন জসিম।
