রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে। এজন্য রাজনৈতিক দলগুলোকেও দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। তারা বলেন, রাজনৈতিক দলগুলো চাইলে দুর্নীতি দমনে বড় ভূমিকা রাখতে পারে। কোনো দল যাতে দুর্নীতিবাজদের স্থান না দেয়, আলোচনা সভায় এমন আহ্বান জানানো হয়।
রবিবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মানুষের লোভের সীমা অতিরিক্ত হওয়ায় দুর্নীতি বর্তমানে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। লোভ কমলে দুর্নীতিও কমবে।
দুর্নীতি দমন কমিশন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাজনৈতিক বলে মন্তব্য করেন সংস্থার চেয়ারম্যান এম বদিউজ্জামান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উনার (খালেদা) বক্তব্য রাজনৈতিক। দুদক রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কাজ করে না। দুদক চেয়ারম্যান বলেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দুদকের সমালোচনা করা ঠিক নয়। সমালোচনা গঠনমূলক হওয়া উচিত।
অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন করে,বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। উদ্বোধনী অনুষ্ঠানের পর দুদকের কর্মকর্তারা দুর্নীতির বিরুদ্ধে শপথবাক্য পাঠ করেন।
