চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্পে রবিবার মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।
গণমাধ্যমের খবরে জানা গেছে, আহতদের প্রত্যেককেই উদ্ধার করা গেছে।
শনিবার প্রাথমিক খবরে জানা যায় যে, সিচুয়ান প্রদেশের উত্তরপশ্চিমাঞ্চলীয় কাং ডিং এলাকায় স্থানীয় সময় বিকাল ৪টা ৫৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৮৫৫) ভূমিকম্পটি আঘাত হানলে দুই জনের মৃত্যু হয়।
রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, ভূমিকম্পে ৫৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।
সিনহুয়া জানায়, ‘৯ ঘন্টার মধ্যে জরুরী বিভাগের সদস্যরা আহত সকলকেই উদ্ধার করতে সক্ষম হয়।’
বার্তা সংস্থা জানায়, ভূমিকম্পে প্রায় ৮০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২৫ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত এবং ৬ হাজার ২০০ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
২০০৮ সালের মে মাসে সিচুয়ান প্রদেশে ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানায় ৮০ হাজারের বেশি লোকের মৃত্যু হয়। এএফপি
