স্ত্রীকে রক্ষা করতে চাইলে..

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ০১:১১

একটি রুশ ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সিসিটিভিতে ধরা পড়া এই ভিডিওতে দেখা যায়, একজন নারীকে নিয়ে কয়েকজন গুন্ডা টানাটানি করছে। তারা তাকে একটি মাইক্রোবাসে তোলার চেষ্টা করছে। এমন সময় সেখানে এসে হাজির হলেন এক পুরুষ। তিনি ওই ছেলেগুলোকে কি যেন বললেন। এরপর দেখা গেল ছেলেটির পিঠেও দুমদুম করে পিটুনি দেয়া শুরু করেছেন তারা।

এবার ঘুরে দাঁড়ালেন পিটুনি খাওয়া পুরুষটি। সিনেমার নায়কদের কায়দায় তিনি একের পর এক ধরাশায়ী করে ফেললেন গুন্ডাদের। এক পর্যায়ে তারা দ্রুতগতিতে গাড়িতে উঠে পালিয়ে গেল। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর রুশ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে ওই নারী আর কেউ নন। ভিডিওতে দেখা ওই ‘নায়কের’ স্ত্রী। স্ত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে ভ্লাসেনকো নামের ওই ভদ্রলোক ঢুকেছিলেন একটি দোকানে। মেয়েটিকে রাস্তায় একা দাঁড়িয়ে থাকতে দেখে গুন্ডাগুলো তাকে একটি পানশালায় নিয়ে যাবার জন্য টানাটানি করছিল। কিন্তু তারা তো আর জানতো না, যাকে নিয়ে তারা টানাটানি করছে তার স্বামী একজন পেশাদার বক্সার এবং মার্শাল আর্টস জানা পুরুষ। রুশ মিডিয়ায় মজা করে বলা হয়েছে, স্ত্রীর কাছে হিরো হতে চাইলে পুরুষরা সবাই বক্সিং এবং মার্শাল আর্টস শিখুন!