থাই প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুথ চ্যান ওচা ‘কান টানা প্রধানমন্ত্রী’ তকমা পেয়েছেন মিডিয়ার কাছে! কারণ এতদিন তিনি সাংবাদিকদের ভর্ত্সনা ও হুমকি ধামকি দেয়ার জন্য দুর্নাম কুড়িয়েছেন। কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি এবার সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী হবার কৌশল নিয়েছেন। কিন্তু সাংবাদিকদের সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে গিয়ে তিনি একটি সংবাদ সম্মেলনে সম্প্রতি রিপোর্ট লেখায় ব্যস্ত এক সাংবাদিকের কান নিয়ে টানাটানি করতে থাকেন। টিভি ক্যামেরাতেও ধরা পড়ে এই দৃশ্য। টিভি চিত্রে দেখা যায়, তিনি ওই সাংবাদিকের কাধে হাত দিয়ে আন্তরিকতা প্রদর্শনের চেষ্টা করছিলেন। কিন্তু নিজের অজান্তেই তার এক হাত চলে যায় ওই সাংবাদিকের কানে। প্রশ্নের জবাব দিতে দিতে তিনি যে তার কান নিয়ে ‘মোচড়ামুচড়ি’ করে চলেছেন তা খেয়াল করেননি। ওই সাংবাদিকও অজ্ঞাত কারণে কিছু বলছিলেন না!
এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান প্রধানমন্ত্রী প্রায়ুথ। সরকারের মুখপাত্র স্যানসার্ন কায়েকামনার্ড প্রায়ুথের প্রেস্টিজ উদ্ধারের জন্য এক বিবৃতিতে বলেছেন, ওই সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের জন্য ‘বন্ধুসুলভ’ ভাবে প্রধানমন্ত্রী ওই কাজ করেছেন। এর মধ্যে অন্যায় কিছু নেই। মুখপাত্র যাই বলুন না কেন, ‘কানটানা’ বদনাম ঘোচাতে প্রায়ুথের কতদিন লাগে সেটাই দেখার বিষয়। -এনডিটিভি
