চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নারায়ণগঞ্জের টানবাজারের কেমিক্যাল ব্যবসার বর্তমান অবস্থা নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলোকে ১০দিনের মধ্যে কেমিক্যাল অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত একটি অভিযান পরিচালনা করে।এতে নেতৃত্বে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. উজ্জল হোসেন ও মো. কামরুল হাসান মারুফ।
এ সময় দোকানে অতিরিক্ত দাহ্য পদার্থ ও পলিথিন মজুদ রাখায় বিসমিল্লাহ বিউটি কালার প্রতিষ্ঠাকে ৫০ হাজার টাকা, সালাউদ্দিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং নাহিদ ডাইস এন্ড কেমিক্যালকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা চলাকালীন টানবাজারের সুতা, রং ও কেমিক্যাল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান উপস্থিত হয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে টানবাজার থেকে সকল কেমিক্যাল সরিয়ে নেওয়ার জন্য সময় চেয়ে নেন।
এ সময় তিনি বলেন, টানবাজারের যত কেমিক্যাল ব্যবসায়ী আছেন সকলের কাছে আমরা নোটিশ পাঠাবো। যাতে এখান থেকে সব ধরনের কেমিক্যাল সরিয়ে নেওয়া হয়। এখানে কোনো ধরনের কেমিক্যালের গোডাউন থাকবে না। খুচরা বিক্রয়ের জন্য এখানে বিক্রেতারা কিছু সংখ্যক নমুনা তথা স্যাম্পল রাখতে পারবেন।
আরো পড়ুন: চলন্ত লঞ্চ থেকে নদীতে পড়ে গেলো শিশু, বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন মা
ব্যবসায়ীদের অনুরোধে তাদেরকে ১০দিনের সময় দিয়ে জেলা প্রশাসকের সহকারী কমিশনার মো. উজ্জল হোসেন বলেন, জেলা প্রশাসনের নির্দেশে এবং সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতটি আজকেই প্রথম পরিচালন করা হয়েছে। ব্যবসায়ীদের ১০ দিনের সময় দেওয়া হয়েছে। কোন জায়গায় সেগুলো নেওয়া হচ্ছে সেটা আমরা লক্ষ্য রাখব।
ইত্তেফাক/অনি
