কেনিয়ার একটি বাসে চালানো প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত শতাধিক আল-শাবাব জঙ্গিকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। কেনিয়ায় উপ-রাষ্ট্রপতির বরাত দিয়ে রবিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
উইলিয়াম রুটো জানিয়েছে, কেনিয়ার সেনাবাহিনী সোমালিয়ায় দুটি অভিযান চালিয়ে আল-শাবাবের উপকরণ ও একটি শিবির ধ্বংস করেছে। এখান থেকে বাসে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল।
রোববার কেনিয়ার নিয়াহুরুর একটি গির্জায় ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয়ার পর সামরিক অভিযানের বিস্তারিত জানান রুটো।
শতাধিক জঙ্গি নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে আল-শাবাব। তারা জানিয়েছে, তাদের যোদ্ধারা নিরাপদ আছেন।
শনিবার উত্তর কেনিয়ায় একটি বাস থেকে নামিয়ে ২৮ বাসযাত্রীকে হত্যা করে বন্দুকধারীরা।
কেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কেনিয়া সেনাবাহিনী ও বিমান বাহিনী কেনিয়া-সোমালিয়া সীমান্তে জঙ্গিদের এবং সোমালিয়ায় আল-শাবাবের দুইটি শিবিরে হামলা চালিয়েছে, এতে মোট ১১৫ জন আল শাবাব জঙ্গি নিহত হয়েছেন।
তবে অন্য এক বিবৃতিতে আল-শাবাব কেনিয়ার দাবিকে ‘অবাস্তব’ বলে উল্লেখ করে তাদের যোদ্ধারা ‘কোনো ধরনের হামলার মুখে পড়েনি’ বলে দাবি করেছে।
২০১১ সালে আল শাবাবের সঙ্গে লড়াইয়ে সোমালিয়াকে সহায়তা করার জন্য কেনিয়া সেনা পাঠানোর পর থেকে সেখানে ধারাবাহিক হামলা চালানো শুরু করে জঙ্গি সংগঠনটি।
